সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন সাতক্ষীরার মৌয়াল কাওছার গাইন (৩০)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।
শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করার সময় তাকে বাঘ আক্রমণ করে। কাওছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে উদ্ধার করতে পারেনি। এখনও চলছে অনুসন্ধান।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার নুরুল আলম গণমাধ্যমকে জানান, বৈধ পাস নিয়ে মধু সংগ্রহ করতে যান কাওছার। কিন্তু মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে গহীন জঙ্গলে প্রবেশ করেন তিনি। শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমণ করে। কাউছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও তার অনুসন্ধান চলছে।
এদিকে কাওছারের পরিবারে চলছে শোকের মাতম। কাউছার দুই ছেলে মেয়ের বাবা।
