আগামী কান উৎসবে বাংলাদেশের স্টল থাকবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০২২, ০২:০০ এএম

আগামী বছর থেকেই বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে বলে জানিয়েছেন ফ্রান্স সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক “মুজিব : একটি জাতির রূপকার” চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এই উৎসবের সিনেমা বাজার ‘মার্শে দু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে।’ গতকাল রবিবার কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে যৌথভাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমাশিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।’

সিনেমাশিল্পকে এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্টফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।’ আগামী মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত