বাজেটে করোনা মোকাবিলায় বরাদ্দ অর্ধেক হচ্ছে

আপডেট : ২৪ মে ২০২২, ০২:২৪ এএম

সংক্রমণ কমে আসা ও বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনায় করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় বাজেটে বরাদ্দ প্রায় অর্ধেক কমানো হচ্ছে। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা মোকাবিলায় বরাদ্দ রাখা হয় ১০ হাজার কোটি টাকা। তার আগের ২০২০-২১ অর্থবছরেও এ খাতে একই পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছিল সরকার। তবে আসছে অর্থবছরে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনা মোকাবিলায় সরকার বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রতি অর্থবছর বাজেটে যে পরিমাণ বৈদেশিক সহায়তা থাকে, তা থেকে করোনা চিকিৎসার জন্য ৩ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হবে।

দেশে ২০২০ সালের মার্চে করোনা রোগী শনাক্ত ও সংক্রমণ বাড়তে থাকলে এক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়। অক্সিজেন, আইসিইউ, হাসপাতাল শয্যা সংকট নিয়ে সে সময় জনমনে উদ্বেগ তৈরি হয়। কিন্তু গত কয়েক মাস ধরেই দেশে করোনার সংক্রমণ কমছে। আর টানা একমাস পর গত শনিবার গাজীপুরে একজন আর গতকাল সোমবার দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গতকাল সোমবার পর্যন্ত ১৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ৯৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির কারণে দেশে আক্রান্তের হার দিনে শূন্য দশমিক ৬৭ শতাংশে নেমে এসেছে। প্রতি ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।

আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৪৪ হাজার ৮৬৪ কোটি টাকা। আগামী বাজেটে মোট জাতীয় উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত