পশুর নদে পন্টুনে কার্গোর ধাক্কা, খুঁটি পড়ে মাঝি নিহত

আপডেট : ২৪ মে ২০২২, ০২:৪৭ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে পশুর নদে পণ্যবাহী কার্গোর ধাক্কায় পন্টুনের লোহার খুঁটি পড়ে ফারুক খলিফা (৫৫) নামে এক মাঝি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে নদের ঘষিয়াখালী নৌ টার্মিনালে এ ঘটনা ঘটে। পরে নৌ পুলিশ কার্গোটি জব্দ এবং এর চালকসহ নয় শ্রমিককে হেফাজতে নেয়।

ফারুক উপজেলার ঘষিয়াখালী গ্রামের প্রয়াত আলকাস খলিফার ছেলে। বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট নৌ পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, সকালে মোংলা থেকে কার্গো এমভি কাজী সোনিয়া-১ সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এটি মোরেলগঞ্জে পশুর নদের ঘষিয়াখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নৌ টার্মিনালের পন্টুনে ধাক্কা দেয়। এতে পন্টুনের একটি লোহার খুঁটি ভেঙে পাশে নোঙর করা নৌকার ওপর পড়ে। এ সময় নৌকায় বসে ভাত খেতে থাকা মাঝি ফারুক খলিফার মাথা থেঁতলে ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কার্গোটি জব্দ এবং চালকসহ নয়জনকে হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত