আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু হওয়াতে সারা দেশের মানুষ খুশি হলেও মির্জা ফখরুল ও বিএনপির মুখে শ্রাবণের কালো মেঘ। তাদের অন্তরে খুবই বিষজ¦ালা।’ গতকাল মঙ্গলবার রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ‘গণক’ সম্বোধন করে ওবায়দুল কাদের বলেন ‘সরকার কখন থাকবে, কতদিন থাকতে পারবে সেই গণনা করছেন। জনগণকে খুশি রাখতে পারলে নির্বাচনে আবারও জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।’
তিনি আরও বলেন, ‘পাহাড়ে এখনো মাঝে মাঝে রক্তপাত দেখতে পাই, এসব বন্ধ করতে হবে। রক্তপাত ঘটিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব হবে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন ‘এখন যত কথাই বলুক আগামী সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেবে। সরকারপ্রধান শেখ হাসিনা থাকবেন আর স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বেফাঁস ও লাগামহীন কথাবার্তা বলছে। আপনাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এভাবে কথা বলতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদেরকে মাঠেই প্রতিহত করবে।’
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমি মির্জা ফখরুল ও রিজভী সাহেবকে তাদের পৈতৃক জেলার দুই ইউনিয়নের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখতে বলব; শেখ হাসিনা দেশের কী উন্নয়ন করেছেন, সেটা তারা তাদের গ্রামে গেলে দু’চোখে দেখতে পারবে।’
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘সম্মেলনের পর যারাই নেতৃত্বে আসুক না কেন কোনো দূরত্ব না রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে।’
