প্রথমবারের মতো টেক জায়ান্ট গুগলে চাকরি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিল আহমেদ।
শাকিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে নিয়োগ পেয়েছেন তিনি।
বুধবার (২৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক সুব্রত প্রামাণিক। তিনি বলেন, মঙ্গলবার গুগল ডাবলিন থেকে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে যোগ দেওয়ার তারিখটা এখনো জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাকিল স্নাতক শেষ করে ২০১৯ সালে ইনোসিস সল্যুশনস নামে একটি সফটওয়্যার কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। গুগলে তিনি এসআরই বিভাগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শামীম আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে লিখেছেন, ‘আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা করেছে এবং করছে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি এক্সপার্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছে। উদ্যোক্তা হিসেবেও আমাদের অনেক অনেক ছাত্রদের সাফল্যের গল্প আজ দেশ ও বিদেশে সমানভাবে সমাদৃত। কিন্তু তারপরও একটা অপূর্ণতা ছিলই।’
ওই পোস্টে তিনি আরো বলেন, মাত্র দুই বছর আগে আমাদের বিভাগ থেকে আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে শাকিল সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করেছে। বিভাগ থেকে তো বটেই, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে শাকিল নিয়োগ পেয়েছে।
তিনি আরো লিখেছেন, আমার ব্যক্তিগতভাবে অনেক দিনের স্বপ্ন ছিল, আমার ছাত্রছাত্রীরা গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করবে। একটা স্বপ্নপূরণ আবার আরেকটা স্বপ্নের জন্ম দেয়। এখন আমি তোমাদের ‘শুধু’ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাই না।
তিনি আরো বলেন, শাকিল আমাদের বিভাগ থেকে সম্প্রতি পাশ করা শিক্ষার্থী হিসেবে আমাদের শিক্ষার্থীদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। আমাদের শিক্ষার্থীরা আইবিএম, জেনারেল মোটর্সের মতো প্রতিষ্ঠানে কাজ করছে। কিন্তু গুগলে এটাই প্রথম।
