লক্ষ্মীপুরে খাবার খেয়ে এক পরিবারের ১০ জন অচেতন

আপডেট : ২৭ মে ২০২২, ১১:৩৭ পিএম

লক্ষ্মীপুর চেতনানাশক মেশানো খাবার খেয়ে এক পরিবারের ১০ জন অচেতন হয়ে পড়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ মটবী গ্রামের কানু লাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালের চিকিৎসক মো. আরমান হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ১০ জনকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অংকর দাস (১৪) ও অহনা দাসের (১২) সংজ্ঞা ফেরেনি।

এ ছাড়া হাসপাতালে ভর্তি থাকা কানু লাল (৯০), কমলা রানী দাস (৭৫), রবি দাস (৪৮), সমীর দাস (৪৪), নারায়ণ দাস (৭৫), লক্ষ্মী রানী (৬৫), তিমু রানী দাস (২৮) ও কান্তি লাল দাসের (৭৫) অবস্থা কিছুটা উন্নতির দিকে।

হাসপাতালে চিকিৎসাধীন কানু লাল দাসের বড় ছেলে রতন দাস জানান, সন্ধ্যায় কোনো একসময় ভাতের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। ওই খাবার খেয়ে পরিবারের ১০ সদস্য অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা তাদের ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত