বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওয়াজির অ্যাডভাইজরস ‘বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের জন্য নন-কটন টেক্সটাইল এবং পোশাকের ফাইবার ডাইভারসিফিকেশন স্টাডি’ বিষয়ে গবেষণার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং ওয়াজির অ্যাডভাইজরসের বিজনেস ডিরেক্টর বরুণ বৈদ্য গতকাল রবিবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বিজিএমইএ জানায়, গবেষণার উদ্দেশ্য হলো বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের জন্য নন-কটন টেক্সটাইল এবং পোশাকের সম্ভাব্য সুযোগ চিহ্নিত করা এবং এ অঞ্চলে সামগ্রিকভাবে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী অবস্থান তৈরির বিষয়ে কৌশলপত্র প্রণয়ন করা। গবেষণাটি নন-কটন পোশাক বাজারের একটি উল্লেখযোগ্য অংশ করায়ত্ত করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জগুলোও চিহ্নিত করবে।
জানা গেছে, গবেষণায় পণ্য, প্রযুক্তি, দক্ষতা, ব্যয় প্রভৃতি ক্ষেত্রে প্রতিযোগী সক্ষমতা এবং অন্যান্য সম্পদের প্রাপ্যতা মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশের নন-কটন পণ্য সরবরাহের চ্যালেঞ্জগুলোও চিহ্নিতও করা হবে। এটি নন-কটন টেক্সটাইল এবং পোশাক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরিতে প্রস্তুতকারক, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য প্রভাবশালীর জন্য একটি পথনকশা তৈরি করবে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে পোশাক খাতের প্রবৃদ্ধি কটনভিত্তিক। কিন্তু বৈশ্বিক ফ্যাশন প্রবণতা বর্তমানে কটন থেকে ম্যানমেইড ফাইবারে ব্যাপকভাবে স্থানান্তরিত হয়েছে। এখন পোশাক বাজারের এ অংশে আমাদের প্রবেশ করার সময় এসেছে এবং এখানে এ গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
