দিনাজপুরের সদর উপজেলায় স্ত্রীর পায়ে বঁটির কোপ দিয়ে মুক্তার আলী মন্ডল (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে উপজেলার রামনগর এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তার আলী মন্ডলের স্ত্রী মোতাহীরা আক্তার ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, নিজেদের স্টেশনারি দোকানে বসা নিয়ে রবিবার দুপুরে মুক্তারের সঙ্গে স্ত্রী মোতাহীরা আক্তারের (৩৫) কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তার একটি ধারালো বঁটি দিয়ে মোতাহীরা আক্তারের পায়ে কোপ দেন। এলাকাবাসী মোতাহীরাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। এই ঘটনার পরে মুক্তার বাড়ির একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মোতাহীরা আক্তার বলেন, তার স্বামী মুক্তার মন্ডলের মানসিক সমস্যা ছিল।
