প্রথমবার হিন্দি গানের ভিডিও দিয়ে সাড়া ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি ইউরোপের তিনটি দেশে কনসার্ট করে দেশে ফিরেছেন। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি
এক দিনে এক মিলিয়ন...
গত ২৭ মে প্রকাশ হয় আমার গাওয়া হিন্দি ভাষার মৌলিক গান ‘ম্যানু দাস্তু’। অভূতপূর্ব সাড়া পাচ্ছি মিউজিক ভিডিওটি প্রকাশের পর। দুই বাংলা তো বটেই, হিন্দি ও পাঞ্জাবি শ্রোতাদের কাছ থেকেও সাধুবাদ পাচ্ছি গানটির জন্য। শুধু তাই নয়, এটি প্রকাশের একদিনের মাথায় এক মিলিয়ন (১০ লাখ) ভিউ অতিক্রম করে। রজতের কথায় গানটির সুর-সংগীত করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। আমান নটিয়ালের পরিচালনায় গল্পনির্ভর এই গানচিত্রে অভিনয় করেছেন ভারতের দুই মডেল নন্দনী শর্মা ও অনুজ সাইনি। ভিডিওতে আমারও থাকার কথা ছিল। গানটি রেকর্ড করেছি ৬ মাস আগে। তখনই ভিডিওটির জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার মাত্রা বাড়ায় যাওয়া হলো না। পরে গত মাসেও আমাকে যেতে বলা হয়। অন্য ব্যস্ততার কারণে যেতে পারিনি। পরে আমাকে ছাড়াই শ্যুটিং হলো।
হিন্দি গানে...
ভারতের অ্যালিগ্যান্ট আই মিউজিকের ইউটিউব চ্যানেলে আমার প্রথম হিন্দি গানের ভিডিও প্রকাশিত হয়েছে। অ্যালিগ্যান্ট আই মিউজিক বেশ নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান। তারা মূলত হিন্দি ও পাঞ্জাবি গান প্রডিউস করে। সনু নিগম, পলক মুচ্ছাল, সালমান আলিদের গান নিয়মিত প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবার সেই তালিকায় আমাকে যুক্ত করেছে। সামনে আমরা আরও কাজ করছি, তখন হবে নিশ্চয়ই। আশা করছি এখন থেকে নিয়মিত এমন উপহার নিয়ে হাজির হব।
ইউরোপের ৪ দেশে...
সম্প্রতি ইউরোপের তিনটি দেশে শো করে দেশে ফিরেছি। এবারই প্রথম ইউরোপ সফর করলাম। শুরুটা হয়েছিল বেলজিয়াম দিয়ে। এরপর যাই সুইজারল্যান্ডের জুরিখ শহরে ও সুইডেনে। সেখান থেকে জাহাজে করে ফিনল্যান্ড গিয়েছিলাম। সমুদ্রের মাঝখানে অসাধারণ সময় কেটেছে। প্রচন্ড শীতে টি-শার্ট পরে থাকতে গিয়ে বেশ কষ্টও পেয়েছি। সবশেষে ফ্রান্সের প্যারিসে। এই কনসার্টগুলোর আয়োজন করেছে ইউরোপে বসবাসরত বাঙালি কমিউনিটি।
প্যারিসে কনসার্ট...
প্যারিসে কনসার্টের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এত মানুষ আমার কনসার্টে আসবে ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, একখন্ড বাংলাদেশ। যখন আমি স্টেজে গাইছিলাম একটু পরপর বৃষ্টি আসছিল। এরপরেও তারা ছাতা মাথায় দিয়ে কনসার্ট উপভোগ করেছেন। প্রবাসে বাস করেও বাংলা গানের প্রতি সেখানকার মানুষদের ভালোবাসা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তারা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের আহ্বানে শ্রদ্ধা জানিয়েই গান গাইতে গিয়েছি। সবার কাছে কৃতজ্ঞ আমি।
