‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বিএনপি নেতাদের এমন সেøাগান তাদের ঘাতক চরিত্রের পরিচয় আবারও স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন জায়গায় বিএনপি ও তাদের দোসররা সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাদের বক্তব্য বিবৃতিতে কোনো শালীনতা, সৌজন্যবোধও দেখাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তারা নোংরা ভাষায় সেøাগান দিচ্ছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
গতকাল রবিবার নিজের বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বেচ্ছাচারী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে মেনে নেয় না। কোনো ষড়যন্ত্রকারীর রক্তচক্ষু ও ত্রাসের কাছে মাথানত করে না।’
‘নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবিকে ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি কখনো বলে জাতীয় সরকার, কখনো তত্ত্বাবধায়ক, আবার কখনো বলে নিরপেক্ষ সরকার, দেখতে দেখতে এক যুগেরও বেশি সময় পার করলেন বিএনপি নেতারা। কিন্তু এখনো জনগণের কাছে স্পষ্ট করতে পারেননি আসলে বিএনপি কী চায়?’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা তো মীমাংসিত একটি বিষয়। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। বিএনপির নেত্রীই তো বলেছিলেন শিশু আর পাগল ছাড়া কেউ নাকি নিরপেক্ষ নয়। ক্ষমতাপাগল বিএনপি কোনো শিশু আর পাগলের অধীনে নির্বাচন চায় কি না সেটাই প্রশ্ন?
‘আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহপাক এবং ক্ষমতার উৎস এ দেশের জনগণ। যতদিন জনগণ চাইবে ততদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে।
