শিল্পপার্কে ব্যাংকের অনুমোদন দিতে পারবে বিসিক

আপডেট : ৩০ মে ২০২২, ১১:০৯ পিএম

এখন থেকে শিল্পপার্ক বা শিল্পনগরীতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য করপোরেশন অনুমোদন দিতে পারবে, তবে সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবেÑ এমন বিধান রেখে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা অনেক বড় আইন, ৬৫টি ধারা রয়েছে। আমাদের কুটিরশিল্প যেটা ডেভেলপড হলো, সেটাকে আরও কীভাবে কার্যকর করা যায়। আগের আইনটার মোডিফিকেশন প্রয়োজন ছিল, যার পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে।

তিনি বলেন, একটা করপোরেশন আগেই আছে। তাদের একটা বোর্ড আছে। অন্যান্য জায়গায় সাধারণত চেয়ারম্যান থাকার পরও আবার চিফ এক্সিকিউটিভ আলাদা থাকে। কিন্তু বিসিকের চেয়ারম্যানই চিফ এক্সিকিউটিভ। এই জায়গায় একটু আলাদা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা কমিটি থাকবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে করপোরেশন কোনো শিল্পপার্ক বা শিল্পনগরীতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যাংকের অনুমোদন দিতে পারবে।

তিনি বলেন, যেখানে যেখানে শিল্পপার্ক হচ্ছে, সেখানেই ওনারা ব্যাংক দিয়ে যাবেন, যাতে ফান্ডিংয়ের কোনো অসুবিধা না হয়। বিনিয়োগকারীরা যেন খুব তাড়াতাড়ি ফান্ডিংয়ের ব্যবস্থা করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত