ছাগল নিয়ে পালানোর সময় ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২২, ১১:১২ পিএম

ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাশিয়াডাঙ্গা থানার পুলিশ তাদের কাছ থেকে একটি ছাগল, এক জোড়া হাতকড়া ও একটি সাংবাদিক আইডি কার্ড উদ্ধার করে। তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো রানা আহম্মেদ (৩৬) ও শফিকুল ইসলাম ওরফে শরিফুল (২৭)।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পুলিশের একটি দল গত রবিবার রাত সোয়া ১০টার দিকে হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় দুজন মোটরসাইকেল আরোহী একটি ছাগল নিয়ে যাচ্ছিল। তাদের একজন ডিবি পুলিশের এসআই এবং অন্যজন কনস্টেবল পরিচয় দেন। একপর্যায়ে মোটরসাইকেল চালক নিজেকে সাংবাদিক পরিচয় দেন।

পরে দেহ তল্লাশি করে রানার কাছ থেকে এক জোড়া হাতকড়া পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ওই দুজন জানায়, তারা রাজশাহীর গোদাগাড়ী থেকে ছাগলটি চুরি করে নিয়ে যাচ্ছিল। কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত