দরকার হলে নিজের গায়ের জামা বিক্রি করে জনগণকে সবচেয়ে কম দামে আটা সরবরাহের অঙ্গীকার করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জ্বালানির মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে দেশটিতে আটাসহ নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় শাহবাজ শরিফ এ অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে ডন।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রীকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজির আটার বস্তার দাম ৪০০ রুপিতে নামিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অন্যথায় তিনি নিজেই কাজটি করবেন বলে ঘোষণা দেন। গত রবিবার খাইবার পাখতুনখাওয়ার মনসেহরা শহরের থাকারা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরিফ বলেন, ‘আমার দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, আমি আমার জামা বিক্রি করে দেব। জনগণকে সবচেয়ে কম দামে আটা সরবরাহ করব।’
বক্তব্যে শাহবাজ শরিফ আরও জানান, তিনি ভগ্ন হৃদয়ে জ্বালানিপণ্যের দাম বাড়িয়েছেন। তবে ২৮ বিলিয়ন রুপির ভর্তুকি প্যাকেজ ঘোষণা করা হয়েছে জানিয়ে শাহবাজ বলেন, এখান থেকে দরিদ্রদের প্রতি মাসে দুই হাজার রুপি করে দেওয়া হবে। প্রকাশ্যে সবাইকে হেয় করা ইমরান খান এমন সময় জ্বালানিপণ্যের দাম কমিয়েছিলেন, যখন সারা বিশ্বে দাম বাড়ছিল। অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হবে বুঝতে পেরে ইমরান এ কাজ করেছেন।
শাহবাজ শরিফ আরও বলেন, ‘ইমরান খানের ‘হাকিকি আজাদি মার্চ’ জনগণের সহানুভূতি অর্জনের ব্যর্থ রাজনৈতিক ধাপ্পাবাজি। সাবেক প্রধানমন্ত্রী ৫০ লাখ ঘর করে দেওয়ার এবং ১ কোটি মানুষকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরিবর্তে দেশকে এ যাবৎকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব উপহার দিয়েছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আপনাদের সামনে ঘোষণা করছি, আমি আমার জীবন বিলিয়ে দেব, তবুও দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে রেখে যাব।’
এদিকে পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে। তার আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইমরান খানের সঙ্গে কোনো আলাপ-আলোচনা বা বোঝাপড়ায় যাবে না দেশটির বর্তমান ক্ষমতাসীন জোট সরকার। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরবর্তী নির্বাচনের সময় ঘোষণা করেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। সংবাদ সম্মেলনে ইমরানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সঙ্গে আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না; যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন, তাই বলছি, মনোযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুনÑ আগামী পার্লামেন্টারি নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে।’
