২৮৭৬ কোটি টাকা ব্যয়ে ১৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

আপডেট : ০২ জুন ২০২২, ১২:৪০ এএম

২ হাজার ৮৭৬ কোটি ৬১ লাখ ২ হাজার ৫৫০ টাকা ব্যয়ে ১৬ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রকল্পের মধ্যে বিদ্যুৎ বিভাগের ১১টি, স্থানীয় সরকার বিভাগের দুটি, জননিরাপত্তা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাব ছিল। সবগুলো প্রকল্পের অর্থায়ন করা হবে জিওবি থেকে।

গতকাল বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয়কাজে আরও বেশিসংখ্যক দেশি দরপত্রদাতা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রস্তাবটি আলোচনা শেষে কমিটির সদস্যদের মতামতের জন্য ফেরত দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘জননিরাপত্তা বিভাগের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য পার্ট প্রকিউরমেন্ট অব ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন (এলআই) সিস্টেম-জিও লোকেশন সিস্টেম অ্যান্ড রিলেটেড সার্ভিসেস ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ফ্রান্সের ইন্টারসেক এসএ থেকে সরাসরি ক্রয়ে ব্যয় হবে ১৭২ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৭৯৬ টাকা।’

সভায় স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন ১৪ হাজার ১৪টি কমিউনিটি ক্লিনিকের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এসেনসিয়াল ড্রাগস কোম্পানির থেকে সরাসরি এই ওষুধ  কেনা হবে। এতে ব্যয় হবে ২০৯ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ৮২০ টাকা।

সচিব আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আওতায় স্পট মার্কেট থেকে (২০২২ সালের ১৪তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক মেসার্স গানভর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পেট্রোবাংলা প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কিনতে ব্যয় হবে ৮৩৮ কোটি ৯১ লাখ ৮০ হাজার ৮০০ টাকা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত