মাকে বেঁধে অস্ত্র ঠেকিয়ে বিয়ে কলেজছাত্রীকে!

আপডেট : ০২ জুন ২০২২, ০২:২৩ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে কলেজছাত্রী মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে কাবিননামায় সই করিয়ে বিয়ের অভিযোগ উঠেছে গোলাম দস্তগীর তিতাস (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে পান্টি বাজার এলাকায় ওই কলেজছাত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার সকালে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী তরুণী কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ বছর স্নাতক সম্পন্ন করেছেন। আর গোলাম দস্তগীর তিতাস পান্টি এলাকার ইব্রাহিম বিশ্বাসের নাতি। তার বাবার বাড়ি বরিশাল জেলায়। ভুক্তভোগী তরুণীর মা গতকাল সকালে অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, ‘তিতাস গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পান্টি বাজারের ওয়াইফাই ব্যবসায়ী রোমান ও লাহোরীসহ কয়েকজন যুবককে নিয়ে আমাদের পাকা ও দেয়ালে ঘেরা বাড়ির পেছন দরজা দিয়ে হঠাৎ প্রবেশ করে। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র, দা, ডাঁশা ও দড়ি ছিল। তারা এসেই আমাকে বলে, ‘তোর মেয়েকে তিতাসের সঙ্গে বিয়ে দিতে হবে। না দিলে তোকে মেরে ফেলব।’ ওদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওরা প্রথমেই আমাকে দড়ি দিয়ে বেঁধে মেয়ের কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে কাবিননামায় স্বাক্ষর করিয়ে নেয়। আমি এ বিয়ে মানি না, থানায় মামলা করব, আমরা খুব ভয়ে আছি।’

তিতাস ছয় বছর ধরে বিয়ের জন্য তাকে চাপ দিচ্ছে জানিয়ে ভুক্তভোগী তরুণী দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে। মাকে বেঁধে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে ভয়ে কাবিননামায় স্বাক্ষর করেছি।

স্বাক্ষর করা হলে রাত দেড়টার দিকে ওরা আমাদের বাড়ি থেকে চলে যায়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাড়ির ভাড়াটিয়া রায়হান উদ্দিন বলেন, ‘দোকান বন্ধ করে ১০টার দিকে বাসায় ফিরি। সে সময় রোমান ও লাহোরীসহ কয়েকজন আমাকে ডাক দেয়। বাইরে আসামাত্রই মোবাইল ফোন কেড়ে নিয়ে এক রুমে আটকে রাখে। পরে জানতে পারি অস্ত্র ঠেকিয়ে বিয়ে করার কথা।’

এ বিষয়ে বক্তব্য জানতে পান্টি এলাকার পপি সুপার মার্কেটে গিয়ে রোমান ও লাহোরীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলতে দেখা যায়। পরে তাদের মোবাইল ফোনে কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়। গোলাম দস্তগীর তিতাসের মোবাইল ফোনে কল করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে বিয়ের সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল জানিয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘তবে সেখানে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ নিয়ে থানায় আসার কথা আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত