বিএসএমএমইউতে উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু

আপডেট : ০২ জুন ২০২২, ০২:৩৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। গতকাল বুধবার বিভাগগুলোর চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত এক সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে বিশ্ববিদ্যালয়ের অটোমেশনের কার্ড হস্তান্তর করেন ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেলের ইনচার্জ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ও ‘ডি’ ব্লকে অটোমেশনের জন্য স্থাপিত মেশিনে নিজের হাজিরা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাইকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য অবশ্যই নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে পালন করতে হবে। কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে।’ বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও বিশেষ উৎসব পালন করা হবে বলে জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান এবং রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তফাদারসহ সব ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত