প্রবীর সরদার: পশ্চিমবঙ্গের গুণী শিল্পীদের কণ্ঠে যে বাংলাদেশির গান

আপডেট : ০৩ জুন ২০২২, ১১:১০ এএম

দেশ ছাড়িয়ে ভারতের বাংলাভাষীদের মাঝেও পরিচিতি রয়েছে গীতিকবি প্রবীর সরদারের। অনেকেই বলেন, গীতিকবি হিসেবে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে একটু বেশিই চেনেন তাকে। এর যুক্তিসংগত কারণও রয়েছে। ইতোমধ্যে সেখানকার অনেকে গুণী শিল্পী তার গান সুর করেছেন এবং গেয়েছেন।

পশ্চিমবঙ্গে কীভাবে গানে যাত্রা শুরু হলো— এ বিষয়ে প্রবীর সরদার বলেন, ‘আমার অভিভাবক তুল্য মানুষ, অভিভাবকও বটে কল্যাণ সেন বরাট। সবাই জানেন তিনি পশ্চিমবঙ্গের মানুষ। তার সঙ্গে গান নিয়ে প্রথমে আলাপ করি। পরামর্শ করি। আমার গান দেখাই। পরে তিনি আমার গান সুর করেন এবং ভালো ভালো শিল্পীদের গান গাওয়ান।’

‘মেঘ বলে ওখানকার আমার এক ছোট ভাই আছে। সে অনবদ্য সুর করে। তার গান নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেও আমার গান সুর করেছে। গুণী শিল্পী শুভেন্দু মাইতিও সুর করেছেন। তুহিন দত্ত তিনি একজন সংগীতের ছাত্র। তিনিও আমার গান সুর করেছেন এবং ভালো ভালো শিল্পীদের দিয়ে গাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিনিয়ত আমি তাদের কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি এখান থেকে যতটুকু পারি সহযোগী করার করেছি।’

কথা প্রসঙ্গে প্রবীর সরদার বলেন, ‘কখনো ভাবিনি আমার গান শ্রীয়াদা বন্দ্যোপাধ্যায় গাইবেন, শ্রীকান্ত আচার্য গাইবেন, জয়তী চক্রবর্তী গাইবেন, কল্যাণ সেন বরাট সুর করবেন এবং গাইবেন, শুভ প্রসাদ নন্দী মজুমদার গাইবেন, পিউ মুখার্জী গাইবেন, কঙ্কন ভট্টাচার্য গাইবেন, বিমল দে গাইবেন, সুরভী মুখার্জী গাইবেন। আরও অনেকে গেয়েছেন যাদের কাছে আমি কৃতজ্ঞ।’

তিনি জানান, বাংলাদেশে তিমির নন্দী দুটি গান গেয়েছেন। তা ছাড়া, তার প্রিয় সংগঠন উদীচীর বন্ধুরা যেমন; দিদারুল আলম, অনুপম রায়, অবিনাশ বাউল, আনান বাউল, পূর্ণ চণ্ড মণ্ডল গেয়েছেন। এ ছাড়া প্রথিতযশাশিল্পীদের মধ্যে মমতাজ বেগম, আলম আরা মিনু, ফকির শাহাবুদ্দিন, এস আই টুটুল এদের সঙ্গে আলাপ হচ্ছে, আশা করি এরাও গাইবেন।

আরও জানান, গান দিয়ে বেশি পরিচিত এবং খ্যাতি লাভ করলেও সাংস্কৃতিক আন্দোলনই তার মূল জায়গা। এ দেশের মানুষের কথা বলা শেকড়ের কথা বলা। শেকড়ের কথা সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যত সব অন্ধকার ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে যাওয়াই তার মূল লক্ষ্য। এ ক্ষেত্রে গানও এই সংস্কৃতির লড়াইয়ের বাইরে নয়। গানের কথা ও সুরে তিনি সাংস্কৃতিক আন্দোলন ও জাগরণের কথাই বলে চলেছেন।

তার গান সম্পর্কে পশ্চিমবঙ্গের অনেক গুণী শিল্পীদের বিশেষ মূল্যায়ন রয়েছে। এর মধ্যে দর্শক, শ্রোতাদের উদ্দেশ্যে রূপঙ্কর বাগচী বলেন, “আমি যে গাইনটি গাইলাম ‘কান্নার ঝরনায় নিঃশেষ হয় না তো জল/ যেখানে হৃদয় থাকে ভিজে গেছে সে অঞ্চল’ এই গানটিকে এক অদ্ভুত নস্টালজিয়া রয়েছে। এই গানটি যখন শুনবেন, দেখবেন তখন এক অদ্ভুত ভালো লাগা তৈরি হবে। আমার মনে পড়ে আমি যখন গান বাজনা শুরু করেছিলাম তখন যেসব গান শুনতাম এবং গাইতাম সে গানের ফ্লেভার এই গানটির মধ্যে বিদ্যমান। যেটা খুবই প্রয়োজনীয় বলে আমার কাছে মনে হয়।’

প্রবীর সরদারের জন্ম ১৯৬৬ সালের ১৯ আগস্ট সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বিষ্ণুপুর গ্রামে। ১৯৮২ সালে গ্রাম থেকে এসএসসি পাশ করার পর খুলনা শহরে পদার্পণ এবং সাহিত্য চর্চা শুরু তার। কবিতা, গল্প লেখার পাশাপাশি জড়িয়ে পড়েন ছাত্র আন্দোলনে। সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে স্বৈরাচারবিরোধী সংগ্রামে যুক্ত হন পতন অবধি। শিক্ষা পর্ব শেষ করে ঢাকায় চলে আসেন। ২০১২ সালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন, বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পথনাটক পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই-এর সকল কাজে যুক্ত হন এবং নেতৃত্ব দেন নানা পর্যায়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত