সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘জীবন যুদ্ধে হার না মানা’ ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে শনিবার (৪ জুন) মেজর পদবিতে উন্নীত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন কমান্ডার।
পক্ষাঘাতগ্রস্ত কানিজ ফাতেমা শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নারী সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে গল্পের শুরু ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর। মেজর কানিজের প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় পতিত হয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার মধ্য দিয়ে।
কানিজ ফাতেমা ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। উল্লেখিত ঘটনার প্রেক্ষাপটে তার পক্ষে বাহিনীর কঠোর ও সুশৃঙ্খল স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভবপর ছিল না। কিন্তু ভাগ্যের কাছে হার না মেনে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনী কানিজ ফাতেমার এই অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে ৬৯ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে। পরবর্তীতে হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করলেও অদম্য মানসিক শক্তি ও সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সঙ্গে পালন করে আসছেন তিনি।
