ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শনিবারও বিনা বাধায় ক্যাম্পাসে ঢুকে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল।
এদিন ছাত্রদলের নেতা-কর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়নি এবং ছাত্রলীগও তাদের কোনো বাধা দেয়নি।
এর আগে, সকাল ১১টায় ঢাবি ক্যাম্পাসসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে খ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।
পরীক্ষা শেষে ছাত্রলীগ, ছাত্রদলসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ভর্তিচ্ছুদের বরণ করে নেয়। এ সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলকে পাশাপাশি অবস্থানে থেকে ভর্তিচ্ছুদের ফুল ও কলম দিয়ে বরণ করে নিতে দেখা গেছে।
এছাড়া, ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও জেলা-উপজেলাভিত্তিক সংগঠনের পক্ষ থেকে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য নানা কর্মসূচি ছিল।
প্রসঙ্গত, ১২ দিন ঢাবি ক্যাম্পাস থেকে ‘বিতাড়িত’ থাকার পর শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিনা বাধায় ক্যাম্পাসের আইন অনুষদের সামনে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ছাত্রদল।
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন বলেন, আমরা দ্বিতীয় দিনের মতো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। গতকালও পালন করেছি, আজও করলাম। জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিতে বিশ্বাস করে। আমরা পরবর্তী পরীক্ষার দিনও শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাসে আসবো।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে ছাত্রলীগ সে বিষয়টি নিশ্চিতের চেষ্টা করে। ছাত্রদল ছাত্র রাজনীতির লেবাস ধরে ক্যাম্পাসে এসে যা-ই করুক না কেন, তাদের উদ্দেশ্য আসলে সেটি নয়। ছাত্রদল ক্যাম্পাসে আসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরির জন্য, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় কি না সেজন্য। তবে এ ব্যাপারে ছাত্রলীগ সবসময় সজাগ আছে।
