র‌্যাবের নিষেধাজ্ঞা তুলতে সালমান এফ রহমানের অনুরোধ

আপডেট : ০৫ জুন ২০২২, ০৩:২৭ এএম

র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনারের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। গতকাল শনিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন সালমান এফ রহমান। এ ছাড়া দেশটিতে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরাতে জন ফিনারের সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে উপদেষ্টা জন ফিনার গত পাঁচ দশকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের দৃঢ়তার স্বীকৃতি দেন। এ সময় উপদেষ্টা সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের আর্থসামাজিক ও মানব উন্নয়নে অসাধারণ সাফল্য সম্পর্কে অবহিত করেন এবং এ অর্জনগুলোতে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য জন ফিনারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ জানান সালমান এফ রহমান।

জন ফিনার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা স্বীকার করেন। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। তিনি সুশাসন, শ্রম এবং মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

সালমান এফ রহমান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের দেশে শ্রম ও মানবাধিকারের ক্রমাগত উন্নতির জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত