আইনমন্ত্রী বললেন

আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকান্ড হোক

আপডেট : ০৫ জুন ২০২২, ০৩:৪৩ এএম

বিএনপি নেতাদের মুখে লাগাম দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপনারা রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু যদি আবার ১৫ আগস্ট করবেন এসব কথা বলেন, আমরা আইনের মাধ্যমে আপনাদের দাঁত ভেঙে দেব। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষা করে সব রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না।’

গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে টি আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ¦লা শুরু হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রথম ষড়যন্ত্র করেছে বিশ্বব্যাংক যেন অর্থ না দেয়। ড. ইউনূস এবং ড. কামাল হোসেন সবাই মিলে ষড়যন্ত্র করেন, যাতে বিশ^ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয়। দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন।’

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই বাংলাদেশে আর পঁচাত্তর ফিরে আসবে না। আর ১৫ আগস্ট ঘটতে দেওয়া হবে না। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।’

এদিকে আইনমন্ত্রী আনিসুল হককে সভাপতি ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। প্রায় আট বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত