সীতাকুণ্ড ট্র্যাজেডি

আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না দেখার দাবি হারুনের

আপডেট : ০৬ জুন ২০২২, ০৩:০৫ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে কোনো জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এজন্য তিনি নামমাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। এখনো কেন ওই ডিপোর মালিককে গ্রেপ্তার করা হয়নি, সে প্রশ্নও রাখেন তিনি।

গতকাল রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় হারুন এ দাবি জানান। তিনি এ ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন। হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘সীতাকুণ্ডের এ ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি বেসরকারি ডিপো।’ এখানে কোনো জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না তা দেখার আহ্বান জানিয়ে হারুন বলেন, ‘এই ডিপোতে হাজার হাজার কনটেইনার সংরক্ষিত ছিল। যারা ব্যবস্থাপনার দায়িত্বে, ডিপোর মালিক এখনো গ্রেপ্তার হয়নি। যারা এটি পরিচালনার সঙ্গে জড়িত এখনো তাদের আইনের আওতায় আনা হয়নি।’

হারুন বলেন, ‘ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনার ছিল, সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢোকালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, তার দায়দায়িত্ব কে নেবে, যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের কে অর্থ সহায়তা দেবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত