নীলফামারীতে পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

আপডেট : ০৬ জুন ২০২২, ০৮:৫৪ পিএম

পুলিশ নাট্যদলের পরিবেশনায় “অভিশপ্ত আগস্ট” নাটকটি নীলফামারীতে মঞ্চস্থ হয়েছে। রবিবার (৫ জুন) রাত ৮টায় জেলা শহরের শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটির মঞ্চায়ন হয়। 

১৯৭৫ সালের আগস্টের এ দিনে ঘটেছিল ইতিহাসের জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড। ওই রাতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ পুলিশ নাট্যদল পরিবেশন করেছে অভিশপ্ত আগস্ট নাটক। 

এক ঘণ্টা ১০ মিনিটের নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যার পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়। 

নাটকটি প্রদর্শনের সময় হলভর্তি দর্শকদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। 

এ ছাড়া স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি নাটকটি সম্প্রচার করায় ঘরে বসে নাটকটি উপভোগ করেন অনেকে।
নাটকটি উপভোগের পর উপস্থিত দর্শকদের বলতে শোনা যায় পুলিশ ভাইয়েরা, মন্ত্রমুগ্ধে আবিষ্ট করে আমাদের  মন ছুঁয়ে দিয়েছে। তারা চমৎকারভাবে সব বিষয়গুলো তুলে ধরেছেন। নাটকটির অভিনয় শিল্পীদের দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

নাটকটির গবেষণা ও তথ্য সংকলনে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এবং নাট্যরচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরির্দশক মো. জাহিদুর রহমান।

নীলফামারী জেলা পুলিশের প্রযোজনায় নাটক মঞ্চায়ন-পূর্বে পুলিশ সুপার মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতিমন্ত্রী, নীলফামারী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি শফিকুল আলম ডাবলু প্রমুখ।  

নাটক শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, সেদিন রাতে ধানমন্ডির ৩২ নম্বর ভবনে কী ঘটেছিল তার আদ্যোপান্ত দেশের ১৬ কোটি মানুষের পাশাপাশি সারা বিশ্ব জানে। ঐতিহাসিক এমন একটি ঘটনাকে নাটকে তুলে আনা সহজ কাজ নয়। তবু পুরো ঘটনাটি অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছে পুলিশের নাট্যদলের কলাকুশলীরা। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালির জাতিসত্তার যে আবেগের সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে, মর্মের সম্পর্ক রয়েছে সেখানে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা আমাদের এক ঘণ্টা ১০ মিনিট মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করে রেখেছিল। আমি মনে করি, এটা দীর্ঘদিন মঞ্চায়িত হবে। 

নাটকটিতে ৩২ জন পুলিশ সদস্য অভিনয় করেন। তারা হলেন জাহিদুর রহমান,ওমর ফারুক রনি, হাসিবুর রহমান শান্ত, রেদওয়ান আহম্মেদ, সিফাত, বিপ্লব চন্দ্র পাল, নুসরাত শারমীন, নাদিয়া আফরিন নিলা, মোস্তাফিজুর রহমান, বিশ্বনাথ, সাদিয়া, বিনয় কুমার, তামান্না তমা, মিজান রাকিবুল হাসান, মীর ফয়সাল, শোয়াইবুর রহমান, সোহাগ হোসাইন, আবুল হোসেন, আলী আকবর, মেহেদী হাসান প্রিন্স, মাহবুবুর আলম সবুজ, রুহুল আমীন হিরো, মাসুদুর রহমান, ইষা জাফরান সান, নূরু মিয়া, সৌরভ দাস, শামীম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত