গাজীপুরের শ্রীপুরে হাবিবুর রহমান ওরফে দুখু মিয়া (১৩) নামে এক চালককে গলা কেটে হত্যার পর তার একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ধনুয়া সড়কে এ ঘটনা ঘটেছে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত দুখু মিয়ার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামে। সে ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। নগরহাওলা গ্রামে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে সে পরিবারে অর্থ জোগান দিত।
গতকাল সোমবার সকালে এ খুন ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলো আমিরুল ইসলাম (৩০) ও মৃদুল ইসলাম (২৫)। স্থানীয়রা জানায়, রবিবার রাতে কয়েকজন পথচারী ওই সড়কে রক্তাক্ত লাশ দেখতে পান।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, খবর পেয়ে রাতেই পুলিশ চালকের লাশ উদ্ধার করে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুজনের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশাটি জয়নাবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
