চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগুনের ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় অনেকেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে ফায়ারকর্মী আছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা হাসপাতালে দিকনির্দেশনা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে ডা. সামন্ত লাল একটি টিম নিয়ে চট্টগ্রাম গিয়েছেন। ডিজি হেলথ থেকেও টিম গিয়েছে। সেখান থেকে আরও চার-পাঁচজন রোগীকে ঢাকায় নিয়ে আসা হবে।’
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম জানান, এ ঘটনায় ইনস্টিটিউটে ১৫ জন রোগী ভর্তি আছে। এছাড়া একজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। দুই ফায়ার সদস্য রবিন, গাউসুল আজম এবং ফরমানুল ও মাকফারুল আইসিইউতে আছেন। রবিনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ছয়জন রোগী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এবং বাকি চারজন সাধারণ ওয়ার্ডে আছেন। তাদের অবস্থা ভালো। যেকোনো সময় তাদের ছেড়ে দেওয়া হবে। দগ্ধদের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
