অতিরিক্ত চাল মজুদ

হাইকোর্টে আগাম জামিন পেলেন অঞ্জন চৌধুরী

আপডেট : ০৭ জুন ২০২২, ০২:৩৩ এএম

দিনাজপুরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে চাল জব্দের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অঞ্জন চৌধুরী। গতকাল সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তার ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এই জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে আদেশে।  

গত ১ জুন দিনাজপুর সদরে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের মিলের বেশ কয়েকটি চালের গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দ করা হয়।

অঞ্জন চৌধুরীর পক্ষে গত রবিবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত