টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৯ জনকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার গোড়াই এলাকায় অভিযানকালে এই আদেশ দেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকার রফিকুল ইসলাম, আফজাল হোসেন, স্বপন খান, আত্মারামপাড়ার মোস্তফা, মমিননগর এলাকার ইয়াছিন আলী, হৃদয় আহমেদ, হাকিম, ফটিক মিয়া ও ঘাটাইল উপজেলার দুলালীয়া গ্রামের বুলবুল।
এদিকে মির্জাপুর থানার পুলিশ মাদক মামলার তিন আসামি গোড়াই মমিননগর এলাকার আকলিমা বেগম, ভাতগ্রাম ইউনিয়নের আলম শিকদার ও পুষ্টকামুরী দক্ষিণপাড়া গ্রামের সাদ্দাম মিয়াকে এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ভূষুন্ডী গ্রামের জুয়েল মিয়া, তরফপুর গ্রামের আব্দুুস সামাদ, গোড়াই সৈয়দপুর গ্রামের রফিক, নগর ছাওয়ালী গ্রামের লিটন মিয়া ভেলু ও পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের মুন্না মিয়াকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
