ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। তবে নেই অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। রিজার্ভে আছেন উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ।
উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস ও বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ক্যারিবিয়ানদের হয়ে আগে সাদা বলের ক্রিকেট খেললেও এবারই প্রথম টেস্ট দলে জায়গা পেলেন। তবে আরেক ডাক পাওয়া পেসার অ্যান্ডারসন ফিলিপের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। রিজার্ভে থাকা ত্যাগনারায়ণ চন্দরপলেরও এখনো সুযোগ হয়নি বাবার মতো দেশের হয়ে প্রতিনিধিত্ব করার।
হোল্ডারের সাময়িক বিরতি নেওয়ার অনুরোধে সাড়া দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআিই)। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, অলরাউন্ডার জেসন হোল্ডার নির্বাচনের জন্য নেই। বিশ্রাম ও সেরে ওঠার জন্য তার অনুরোধ মঞ্জুর করেছে সিডব্লিউআই। ওয়েস্ট ইন্ডিজ সফরে আসা বাংলাদেশের বিপক্ষে সব ফরম্যাটের ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
চোটের কারণে নেই পেসার কেমার রোচও। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চোট পান তিনি। তবে ফিটনেস পরীক্ষায় যদি পাস করতে পারেন তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৩তম সদস্য হিসেবে স্কোয়াডে থাকবেন রোচ।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থানে আছে উইন্ডিজ। যেখানে বাংলাদেশের অবস্থান ৯। দু’দল দুই ম্যাচের সিরিজ খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে। সিরিজে টাইগারদের হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাফ দেওয়ার সুযোগ আছে স্বাগতিকদের। ঘরের মাটিতে টেস্ট ম্যাচ জিতে সেই প্রয়োজনীয় পয়েন্ট আদায় করতে চায় উইন্ডিজ, এমন প্রত্যাশা সিডব্লিউআই-এর প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্সের।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলঝারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেয়ডেন সিলস, ডেভন থমাস।
রিজার্ভস: ত্যাগনারয়ণ চন্দরপল, শেরমন লুইস।
