তুলে নেওয়ার প্রায় ৬ ঘণ্টা পর মিজানুর রহমান মিজানকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
রাজধানী জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। জুরাইনবাসীর কাছে তিনি প্রতিবাদী কণ্ঠস্বর, সমাজকর্মী ও জলবায়ুযোদ্ধা হিসেবে পরিচিত। মিজানুর রহমানকে ডিবি পুলিশ ছেড়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তার স্ত্রী শামিম হাসেম।
এর আগে সকাল ১১টার দিকে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে মিজানুর রহমানকে আটকের অভিযোগ পাওয়া যায়। তাকে সুস্থভাবে ঘরে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজানুর রহমান মিজানের মুক্তি দাবি করেন লেখক ও কলামিস্ট ফারুক ওয়াসিফ-সহ বিভিন্ন পেশার মানুষ।
