ঈদুল আজহায়ও নেই শুভ

আপডেট : ১০ জুন ২০২২, ১২:১৪ এএম

চলচ্চিত্র সংশ্লিষ্টরা ঈদের জন্য সারা বছর অপেক্ষা করেন। কারণ ঈদে বড় তারকাদের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলো মুক্তি পায়। বেশিসংখ্যক দর্শক হলে এসে ছবি দেখে। তাই সিনেমার ব্যবসা ও তারকাদের অবস্থান নির্ণয়ে ঈদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একেকটি ঈদ পারে একেকজন তারকার ভাগ্য বদলে দিতে। যেমন গত ঈদে সুপারস্টার শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করেছে তরুণ অভিনেতা সিয়াম আহমেদের ছবি। তাই এখন অনেকেই তাকে ঢালিউডের পরবর্তী সুপারস্টার হিসেবে ভাবছেন। কিন্তু গত ঈদ এমনকি সামনের কোরবানির ঈদেও পর্দায় থাকছেন না আরেক জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তাই তিনি অবস্থানের দৌড় থেকে ছিটকে পড়তে পারেন বলে অনেকের শঙ্কা। 

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের জন্য দীর্ঘদিন অন্য কোনো প্রোডাকশনে মনোযোগ দিতে পারেননি আরিফিন শুভ। এর আগে এবং পরে কিছু সিনেমায় অভিনয় করেছিলেন। সেগুলোর মধ্য থেকে রোজার আগে ‘মিশন এক্সট্রিম’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর পর্দায় আর কোনো সিনেমায় এখনো পর্যন্ত দেখা যায়নি তাকে। এ বায়োপিকে অভিনয়ের কারণে অন্যান্য সিনেমার কাজে সেভাবে মনোযোগ দিতে পারেননি তিনি। মাস তিনেক আগে বায়োপিকে তার অংশগ্রহণ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ হয়েছে। সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলারও প্রদর্শিত হয়েছে। এ মুহূর্তে বলা যায় শুভ অনেকটা মুক্ত। তাই আবারও অন্য সিনেমায় কাজের প্রতি মনোযোগ দিয়েছেন এ অভিনেতা। এমনিতে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছেন, সে সময় খুব বেশি বাইরের কাজ করার সুযোগ ঘটেনি শুভর। তারপরও তার অভিনীত দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় আছে। এর মধ্যে একটির নাম ‘মিশন এক্সট্রিম-২’। এটির কাজ অবশ্য রোজার আগে মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই শেষ করেছেন।

সেটিরই ফ্র্যাঞ্চাইজি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। অন্যটির নাম ‘নূর’। এটির পরিচালক রায়হান রাফি। এটির কাজ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিকের ফাঁকে ফাঁকে। বর্তমানে এর ডাবিং চলছে। শুভও এ সিনেমার ডাবিংয়ের কাজ নিয়ে ব্যস্ত। জানিয়েছেন, অল্প কয়েক দিনের মধ্যেই এ কাজটিও শেষ হয়ে যাবে। দুটি সিনেমা নিয়েই আত্মবিশ্বাসী শুভ। এখনো সিনেমা দুটির মুক্তির তারিখ ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা। তবে ভক্তরা মুখিয়ে থাকলেও ঈদের মতো বড় উৎসবে শুভর কোনো সিনেমা পাচ্ছেন না তারা। রোজার ঈদের মতো কোরবানির ঈদেও শুভকে থাকতে হচ্ছে সিনেমাশূন্য অবস্থায়। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, তার ভক্তরা আশা করেছিলেন, শাকিব খান ও সিয়ামদের পাশাপাশি শুভ অভিনীত সিনেমাও মুক্তি পাবে। নিজেদের প্রিয় নায়ককে তুলনা করতে পারবেন অন্যদের সঙ্গে। কিন্তু তাদের সে আশা এবারও পূরণ হচ্ছে না। যদিও একটি সিনেমা মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। এতদিন করোনার দোহাই দিয়ে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির বিষয়টি এড়িয়ে গেলেও, এখন আর সেটি সম্ভব হচ্ছে না। কারণ দেশে এখন করোনার উপদ্রব খুব একটা নেই বললেই চলে। সরকারিভাবে কোনো বিধিনিষেধও নেই। গত ঈদের আগে থেকেই করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তাই বন্ধ হয়ে যাওয়া অনেক প্রেক্ষাগৃহ চালু হয়েছে। তা ছাড়া দর্শকও আগের চেয়ে এখন হলমুখী। তাই ভক্তরা তাদের প্রিয় নায়ককে পর্দায় দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন। কিন্তু রোজার ঈদের মতো কোরবানির ঈদেও শুভ অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। ফলে এবারের ঈদেও বড় পর্দায় অনুপস্থিত থাকছেন শুভ। এ বিষয়ে এ চিত্রনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমা মুক্তির বিষয়টি নির্ধারণ করেন প্রযোজক। তাই এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য নেই। ঈদের সময় দর্শক হলমুখী হয়। তাই তখন সিনেমা মুক্তি পেলে সফলতার বিষয়টি অনেকটাই এগিয়ে থাকে। আমি চাইব যেন ঈদে আমার অভিনীত সিনেমা মুক্তি দেওয়া হয়। আমার অভিনীত যে দুটি সিনেমা মুক্তি প্রতীক্ষিত, সেগুলো দর্শকদের বিনোদিত করতে পারবে। সবার কাছে শুভ কামনা চাই যেন আগামীতেও ভালো সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে পারি।’

এদিকে বঙ্গবন্ধু বায়োপিক নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘আমার অভিনয় জীবনের সেরা একটি কাজ এটি। যে কাজটি আমাকে দীর্ঘদিন দর্শকের মনে জায়গা করে দেবে। জাতির জনকের চরিত্রে অভিনয় করে আমি নিজেকে সম্মানিতবোধ করছি। আশা করছি এটিও উপভোগ্য একটি সিনেমা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত