হোয়াটসঅ্যাপ মুছে ফেলা আলাপে ‘আনডু’ আসতে পারে

আপডেট : ১০ জুন ২০২২, ১২:২০ এএম

ব্যবহারকারীর মুছে ফেলা চ্যাট পুনরায় ফেরানোর সুবিধা আনতে পারে হোয়াটসঅ্যাপ। এত দিন ব্যবহারকারীর নিজস্ব এবং অন্যকে পাঠানো বার্তা নিরাপদে মোছার সুবিধা দিয়ে আসছিল ম্যাসেজিং অ্যাপটি। ব্যবহারকারী ভুলবশত যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তা ‘ডিলিট ফর এভেরিওয়ান’-এর বদলে ‘ডিলিট ফর মি’-তে চাপ দিয়ে ফেলেন, সেটা যথেষ্টই বিড়ম্বনার। এই অস্বস্তি শুধু ভুক্তভোগী ব্যবহারকারীই বুঝতে পারেন!

সৌভাগ্যবশত, এই বিড়ম্বনা শিগগির হয়তো অতীতের সমস্যা হতে যাচ্ছে কারণ মুছে ফেলা বার্তা পুনরায় ফেরানোর একটি টুল উন্মোচনের পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি, নিজস্ব সাইটে তারা স্ক্রিনশটও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, ব্যবহারকারী যখন ‘ডিলিট ফর মি’ অপশনে চাপ দিচ্ছেন, তখন স্ক্রিনের নিচে একটি ‘পপ-আপ’ দেখাচ্ছে। ব্যবহারকারী ওই বার্তা ‘আনডু’ করতে চান কি না, সেটি জিজ্ঞেস করছে হোয়াটসঅ্যাপ।

টেলিগ্রামের মতো অন্যান্য ম্যাসেজিং সেবায় ব্যবহারকারীকে পুনরায় বার্তা ফিরিয়ে আনতে কয়েক সেকেন্ড সময় দেওয়া হয়। ফলে, ব্যবহারকারী বার্তাটি রাখতে অথবা সবার জন্য মুছে ফেলতে পারেন।

হোয়াটসঅ্যাপ শুধু এই ফিচার নিয়ে কাজ করছে না। নিজেদের ফাইল শেয়ারিং সক্ষমতা আগের একশ মেগাবাইট থেকে বাড়িয়ে দুই জিবিতে নিতে চায় সেবাটি।

আর্জেন্টিনায় স্বল্প পরিসরে নতুন ফিচারটির পরীক্ষা হয়েছিল মার্চে, যা এরই মধ্যে এসেছে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ‘২.২২.১৩.৬’-তে। পাশাপাশি, বিশ্বব্যাপীও ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। কোনো ব্যবহারকারী এই ফিচার পরীক্ষা করার জন্য নির্বাচিত হয়েছেন কি না সেটি যাচাই করতে নিজেদের ডিভাইস থেকে বড় আকারের ফাইল পাঠানোর চেষ্টা করতে পারেন তিনি।

নতুন নতুন ফিচার নিয়ে সাম্প্রতি ব্যাপক কাজ করেছে হোয়াটসঅ্যাপ। তবে, এসব ফিচারের সুবিধা কত দিনের মধ্যে সবার কাছে পৌঁছাবে, সে বিষয়টি নিশ্চিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত