১ হাজার ৮৫৩ কোটি টাকা বেড়েছে স্বরাষ্ট্রে

আপডেট : ১০ জুন ২০২২, ০২:২৭ এএম

আগামী অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৫৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশ করা হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় বলেছেন, সন্ত্রাস দমনে সরকার সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ২৮ হাজার ৭৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে জননিরাপত্তা বিভাগের জন্য ২৪ হাজার ৫৯৪ কোটি এবং সেবা ও সুরক্ষা বিভাগের জন্য ৪ হাজার ১৮৭ কোটি টাকা রাখা হয়েছে। গত অর্থবছরে (২০২১-২২) এই দুই বিভাগের জন্য বাজেট বরাদ্দ ছিল ২৬ হাজার ৯২৮ কোটি টাকা। 

দুদকের সামগ্রিক কার্যক্রম পূর্ণাঙ্গ অটোমেশন করা হবে : বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার লক্ষ্যে কমিশনের সামগ্রিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে অটোমেশন করা হবে। দুর্নীতি দমনে দুর্নীতির অস্পষ্ট এলাকাসমূহ শনাক্তকরত সেগুলো দুর্নীতি দমন কর্মসূচির আওতাভুক্তকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের কার্যকারিতা বাড়ানোর জন্য সংস্থার গোয়েন্দা ইউনিট গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে জেলা কার্যালয়গুলোতেও সম্প্রসারণ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধ কর্মকৌশলের আলোকে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সমাজের সৎ ও স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত