মুখের একপাশ অবশ হয়ে গেছে জাস্টিন বিবারের। গায়কের ভক্তদের জন্য এর চেয়ে দুঃসংবাদ আর কী হতে পারে! সেই কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানালেন গ্র্যামি-জয়ী সংগীতশিল্পী।
বিবার জানান, ফেশিয়াল প্যারালাইসিস বা মুখের পক্ষাঘাতে ভুগছেন তিনি। এ রোগের পোশাকি নাম র্যামসে হান্ট সিনড্রোম। এর জেরে তার মুখের ডান দিক প্যারালাইসিসে আক্রান্ত।
সম্প্রতি বেশ কয়েকটি কনসার্ট বাতিল করলেও এর কারণ জানাননি তখন। শুক্রবার রাতে তা খোলাসা করেন জাস্টিন বিবার।
একটি ইনস্টা ভিডিওতে নিজের অসুখের কথা প্রকাশ্যে আনেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এটা গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে দেখুন।’ নিজের অসুখের সম্পূর্ণ বিবরণ দিয়ে বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি। আমার জন্য প্রার্থনা করুন।’
মায়ো ক্লিনিকের বক্তব্য অনুযায়ী, র্যামসে হান্ট সিনড্রোম মূলত মুখমণ্ডলের নার্ভ শুকিয়ে দেয়। চিকেন পক্স যে ভাইরাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে সেই একই ভাইরাস এই রোগের জন্য দায়ী।
জাস্টিন বিবার দেখান মুখের ডানদিক নড়াতেই পারছেন না তিনি। ওই অংশের কোনও পেশি কাজ করছে না। বিবার বলেন, ‘আমার মুখ দেখেই আপনারা বুঝতে পারবেন আমার কী করুন পরিস্থিতি। ভাইরাসের আক্রমণে আমি র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত। আমার মুখ এবং কানের পেশি কাজ করছে না। আমি হাসতেও পারছি না। নাকও নড়াচড়া করতে পারছি না। চোখের পাতা ফেলতে পারছি না।’
আরও বলেন, ‘বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। শরীর আমাকে বলছে এবার ধীরে চলো নীতি নিতে হবে। আশা করব আপনারা সকলে বুঝবেন। আমি এই মুহূর্তে বিশ্রাম নিতে চাই। তবে একশো শতাংশ নিশ্চিত আমি ফিরে আসবই। যে কাজের জন্য জন্মেছি, তা করবই।’
‘আমি আবার স্বাভাবিক জীবনে ফিরব। আমি খোদার ওপর আস্থা রাখি’, এমন ইতিবাচক বার্তা দিয়েই ভিডিওর সমাপ্তি টানেন এই গায়ক।
