বগুড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় আব্দুল হান্নান (৩৩) নামে পল্লীবিদ্যুৎ সমিতির (পবিস) এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে শিবগঞ্জের আটমূল ইউনিয়নের ভায়েরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলায় পবিসের এক সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) আরও পাঁচ কর্মী আহত হয়েছেন। এই হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আব্দুল হান্নান বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পবিসের পীরব সাবজোনাল অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
হামলায় আহতরা হলেন- পবিসের একই কার্যালয়ের এজিএম রকিবুজ্জামান এবং চার লাইনম্যান পিন্টু প্রামাণিক, বিকাশচন্দ্র, ফারুক হোসাইন ও আজিজুল হক।
হামলার ঘটনায় এজিএম রকিবুজ্জামান গতকাল শনিবার সকালে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০/৬০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন। এই মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- পরনন্দপুর এলাকার আবু সাইদ (৫০), তার ছেলে সোহেল রানা (২৩), বড়বেলঘড়িয়া এলাকার ইমরান কাজী (৩২), চন্দনপুর এলাকার আতাউর (৩০) এবং একই এলাকার বাবর আলী (৩০)।
বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) মনিরুজ্জামান জানান, শিবগঞ্জের ভায়েরপুকুর এলাকার সাখাওয়াত হোসেনের দুই ছেলে আব্দুল হালিম ও আবু সাঈদের নামে নেওয়া আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার করা হতো। বিষয়টি জানার পর অবৈধ ওই সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তাদের পীরব সাব জোনাল অফিস থেকে ৭ জনের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায়। তারা অবৈধ ওই সংযোগ কাটতে গেলে বিদ্যুৎ ব্যবহারকারী এবং তাদের সহযোগীরা পবিসের ৭ কর্মকর্তা-কর্মচারীকে মারপিট শুরু করে। এ সময় অফিস সহকারী আব্দুল হান্নান প্রাণভয়ে দৌড়ে সেখান থেকে চলে যান। এরপর অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীরা পবিসের অন্য ছয় কর্মকর্তা-কর্মচারীকে আটকে রাখে। বিষয়টি শিবগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পবিসের ছয় কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার করলেও আব্দুল হান্নানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত ২টার দিকে হামলার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি জমিতে তার লাশ পাওয়া যায়। পবিসের আহত অন্য ছয় কর্মকর্তা-কর্মচারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান জিএম মনিরুজ্জামান।
শিবগঞ্জ থানার এসআই লতিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে থানায় আনার পর গভীর রাতে আব্দুল হান্নান নামে তাদের আরেক কর্মীর লাশ ধানক্ষেতে পড়ে থাকার সংবাদ আসে। এরপর সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
ভোরে সুরতহাল করার সময় মরদেহের নাকে ও মুখে রক্ত দেখা গেছে।’
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় পবিসের পক্ষ থেকে মামলা করার পর পাঁচজনকে আটক করা হয়েছে।
