খুব দ্রুত বিশ্বের সেরা পেসারদের একজন হয়ে উঠেছেন শাহীন আফ্রিদি। পাকিস্তানি হলেও চির প্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটার বিরাট কোহলির সঙ্গে স্বদেশি বাবর আজমের তুলনা পছন্দ করেন না তিনি। আর যারা এই যুদ্ধে অবতীর্ণ তাদের মুখ বন্ধ করতে বলেছেন ২২ বছর বয়সী গতি তারকা।
কিছু সমর্থক আছে যারা বর্তমান সময়ের দুই সেরা ব্যাটার কোহলি-বাবরের শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াইয়ে নামে সবসময়। গত কয়েক বছর ধরে ব্যাট হাতে সমর্থকদের আনন্দ দিয়ে আসছেন এই দুজন। তবে সাম্প্রতিক সময়ে বাবর ঘোড়ার পিঠে ছুটলেও নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি।
শাহীনকে জিজ্ঞেস করা হয়েছিল দুই ব্যাটিং মেগাস্টার থেকে একজনকে বেছে নিতে। পাকিস্তানি পেসারের উত্তর, ‘আমি উভয়কে পছন্দ করি।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে সাজঘরে ফিরিয়েছিলেন শাহীন। রোহিত শর্মা ও লোকেশ রাহুলকেও আউট করে বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
