ফখরুল বললেন

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:১৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে এবং তার যদি কোনো অঘটন ঘটে যায় সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণ টেনেহিঁচড়ে সরকারকে ক্ষমতা থেকে নামাবে।’

গতকাল রবিবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘জীবনে কারও কাছে কখনো মাথানত করব না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচার এরশাদ যখন ৮২ সালে ক্ষমতা দখল করেন, তখন ২৪ মার্চ তিনি বলেছিলেন উই আর নট আনহ্যাপি, আমরাও অখুশি নই। আবার এক-এগারোর অবৈধ সরকারের সময় যখন ফখরুদ্দীন-মইনউদ্দিন রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন, তখন বিমানবন্দরে ঘোষণা দিয়েছিলেন, এই সেনা সমর্থিত অবৈধ সরকারের সব কার্যক্রম আপনি বৈধ করে দেবেন। আমাদের মেমোরি এখনো এত কমে যায়নি। এজন্য আমরা বলি আপনি বরাবরই আঁতাত করে ক্ষমতায় এসেছেন, আপনারা বরাবরই ওই শক্তির সঙ্গে আঁতাত করেছেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে, গণতন্ত্রকে ধ্বংস করে।’

‘খালেদা জিয়ার কিছু হলে সরকার কোনো দায় নেবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারকেই দায় নিতে হবে। আল্লাহ না করুক, খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, তাহলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনেহিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে নেবে। এখনো সময় আছে। এখনো বাঁচতে পারবেন। এখনো কিছুটা রক্ষা পেতে পারেন। এরপর আর পালাবার সময় পাবেন না।’

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের মানুষরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুর্বার গণআন্দোলন শুরু হলে এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য সরকার গঠন করা হবে।’ তিনি দাবি করে বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। কত টাকার মামলা? ২ কোটি ৩৩ লাখ টাকার মামলা। সেই মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। এ টাকা কোথাও যায়নি। কেউ তছরুপ করেনি। পুরো টাকাই ব্যাংকে রক্ষিত। এখন প্রায় ৮ কোটি হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দেশে একজন জনপ্রিয় নেত্রী। তাকে আটক রাখার মূল কারণ তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এজন্যই পরিকল্পিতভাবে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, দুদককে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করার জন্য, অধিকার ফিরিয়ে আনার জন্য এ সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে এ দেশের জনগণ কোনো কিছুই মানার জন্য প্রস্তুত নয়।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত