স্ত্রীর পূর্বের বিয়ে নিয়ে মা-বোনের খোঁটা, যুবকের আত্মহত্যা

আপডেট : ১৩ জুন ২০২২, ০১:০৫ পিএম

মোংলায় পারিবারিক কলহের জের ধরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার ভোর রাতে উপজেলার উত্তর কাইনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বার মোল্লা কামরুল ইসলাম ও এলাকাবাসী জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাইনমারী গ্রামের বাসিন্দা শেখ মো. শরীফ (২৮) পেশায় একজন ওয়ার্কশপ পিটার।

শরীফ অন্যান্য দিনের মতো রবিবার দিবাগত রাতে ওয়ার্কশপের কাজ শেষে বাড়িতে গেলে স্ত্রীকে নিয়ে মা ও বোনদের সঙ্গে ঝগড়া হয়। স্ত্রীকে নিয়ে পরিবারে এমন ঝগড়াঝাঁটি প্রায়ই হতো। মূলত শরীফের স্ত্রীর আগে অন্যত্র বিয়ে করেছিলেন। পরে তার সঙ্গে প্রেম করে বিয়ে করেন শরীফ। সেই পূর্বের বিয়ের খোঁটা দিয়ে মা ও বোনেরা প্রায় স্ত্রী এবং তার সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন।

সেই ঝগড়াঝাঁটির জেরে মা-বোনদের উপর অভিমান করে সোমবার ভোরে শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শরীফ।

শরীফের সংসারে এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। পরে আত্মহত্যার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, যতটুকু শুনেছি পারিবারিক কলহের কারণে শরীফ আত্মহত্যা করেছেন। তার লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সকালেই বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত