অবশেষে চাকরিচ্যুত হচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি)। তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। কর্মস্থলে যোগদান না করে দেশের বাইরে দীর্ঘকাল থাকায় ‘পলায়নের অভিযোগে’ তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাংবাদিকদের বলেন, ‘প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর অননুমোদিতভাবে বিদেশে থাকার সুযোগ নেই। তাই এ ব্যাপারে প্রশাসনিক সব ধাপ অনুসরণ করে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে।’
সংশ্লিষ্টরা জানান, মন্মথ রঞ্জন বাড়ৈ ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ডা. দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি দেশ ছাড়েন। ২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর টানা ৮ বছর তার এপিএস ছিলেন তিনি। ওই সময় শিক্ষা খাতের বদলি ও পদায়নসহ সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করেছেন বলে অভিযোগ ওঠে।
