ব্রণের সমস্যায় জর্জরিত অনেকেই। শুধু নারীরা নন, ব্রণ নিয়ে অস্বস্তিতে থাকেন পুরুষরাও। বিশেষ করে গরমকালে ব্রণের প্রকোপ অনেক বেড়ে যায়। ধুলোবালি, অতিরিক্ত দূষণ, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়াসহ আরও নানা কারণে মুখের ত্বকে দেখা দেয় ব্রণ। শুধু মুখ নয়, পিঠেও দেখা দিতে পারে ব্রণ। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, মুখে ব্রণ সারা বছর দেখা গেলেও গ্রীষ্মকালেই মূলত পিঠে ব্রণের সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণ অত্যন্ত অস্বস্তিকর। পোশাকের কারণে পিঠ বেশি ঘেমে ওঠে। ত্বক তৈলাক্ত হয়ে যায়। এ ছাড়া অনেকে নিয়মিত শরীরচর্চা করে থাকেন। এ গরমেও বিরতি দেন না। শারীরিক পরিশ্রমের পর স্বাভাবিকভাবেই ঘাম ঝরে বেশি। পিঠের ত্বকে ঘাম জমে ঘর্মগ্রন্থিগুলো বন্ধ হয়ে যায়। ফলে সেখান থেকেই পিঠে ব্রণ, ফুসকুড়ি দেখা দেয়। জেনে নেওয়া যাক, গরমে পিঠে ব্রণের মতো অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে কী কী সুরক্ষা নেওয়া যায়
গরমে আঁটসাঁট পোশাক একেবারে এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে ঢিলেঢালা সুতির পোশাক পরাই ভালো। বেশি আঁটসাঁট পোশাক পরলে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে ত্বকে ব্রণ, র্যাশের মতো নানা উপসর্গ দেখা দিতে পারে।
মৃত কোষ জমে থেকেও হতে পারে ব্রণ। তাই প্রতি সপ্তাহে পিঠের ত্বকের মৃত কোষ ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। না হলে মৃত চামড়া জমে জমে এ সমস্যা আরও বাড়বে।
পিঠের ত্বকে ব্রণ যদি খুব অস্বস্তিকর হয়ে ওঠে তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
