রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ হৃদরোগ বিশেষজ্ঞরা সিসিইউতে চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কেবিনে রেখেই পরবর্তী ফলোআপগুলো করবেন তারা।’
তিনি বলেন, ‘হাসপাতালের সিসিইউর যেসব সুযোগ-সুবিধা আছে সেগুলো কেবিনে সেট করে দুপুরে সেখানে নেওয়া হয়। কেবিন থেকে উনাকে অবজারভ করা হবে, মনিটরিং করা হবে। তার অবস্থার ওপর ভিত্তি করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড বিকেল ৫টায় আবার বসবে।’
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে শুক্রবার গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে এনজিওগ্রাম করে তার হৃৎপি-ে তিনটি ব্লক ধরা পড়ে। পরে একটি স্টেন্ট পরানো হয়।
এর আগে করোনায় আক্রান্ত হওয়ার কারণে দুই দফায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
