সবচেয়ে বড় সমস্যা এখন মূল্যস্ফীতি : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০২২, ১২:৫০ এএম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি। বিবিএস অনেক বড় পরিসরে মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে। সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তারা। তবে নিম্ন আয়ের মানুষের জন্য আলাদা সূচক করার প্রয়োজনীয়তা আছে। এতে বোঝা যাবে, তাদের ওপর মূল্যস্ফীতির প্রভাব ঠিক কতটা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বাজেট সংলাপে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশে পাচার করা টাকা কর দিয়ে দেশে ফিরিয়ে আনার সুযোগের বিষয়ে কিছু বলতে চাই না। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। চুরি করা টাকা চোর না দেওয়া পর্যন্ত আমি তো জানি না তিনি চোর না ডাকাত না সাধু। চোর যদি নিজে বলেন আমি চুরি করেছি, তখন তাকে একটা উপায় দেওয়া হয়েছে।’

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘তারা মূলত ক্রোধের আগুনে জ¦লছেন। তারা নিজেদের হতাশা আর ব্যর্থতায় জ¦লছেন। তারা পদ্মা সেতুর অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করছেন। যদিও তারা তা পারবেন না।’

সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে এমএ মান্নান বলেন, ‘রোড টু ডেমোক্রেসি আপনারা কুমিল্লায় দেখেছেন, অন্যখানেও দেখেছেন। আই মেইক অ্যান আপিল, পথে আসুন, নির্বাচনে আসুন। ক্ষমতা নিন, সুন্দর করে দেশ শাসন করুন।’

এর আগে বাজেট বিশ্লেষণে আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সরকারকে কর্তৃত্ববাদী সরকার হিসেবে অবহিত করেন। সরকারি বিভিন্ন নীতির সমালোচনার পাশাপাশি মূল্যস্ফীতি, জিডিপি নির্ধারণে সরকার কারসাজির আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন। তিনি জানান, এই সরকার ঠিক কোন ধরনের অর্থনৈতিক মডেল অনুসরণ করছে, সেটা তার কাছে বোধগম্য নয়। যারা উন্নয়নে কোনো ভূমিকা পালন করছে না দেশ থেকে বিদেশে টাকা পাচার করছে তাদের সেই টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হচ্ছে তা অত্যন্ত অনৈতিক। যারা দেশে থাকছেন, বিনিয়োগ করছেন, কর্মসংস্থান সৃষ্টি করছেন তারা ২৫ শতাংশ আয়কর দেবেন আর যারা দেশে বিনিয়োগ না করে বিদেশে টাকা পাচার করছেন তাদের ৭ শতাংশ কর দিয়ে সেই টাকা বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া তার অভিযোগ, সরকার পরিসংখ্যান নিয়ে কারসাজি করছে।

এর জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের কর্তৃত্ববাদী সরকার বলা হয়েছে। আমরা জনগণের সরকার। আপনি বলে দিলেন, আমরা হয়ে গেলাম, উই ডিনাই ইট। এগুলো যতদিন পর্যন্ত আপনারা বলতে থাকবেন ততদিন সুষ্ঠু রাজনীতি আসবে না।’ তিনি বলেন, ‘কারসাজি করে পদ্মা সেতু বানানো যায় না, কারসাজি করে বাড়ি বাড়ি বিদ্যুৎ দেওয়া যায় না, মানুষের গড় আয়ু বাড়ানো যায় না। এগুলো বলা তার (আমীর খসরু) হতাশা।’

বাজেট সংলাপ-২০২২ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন পরিকল্পনামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, এসিআই চেয়ারম্যান আনিস-উদ-দৌলা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত