দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ। মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
বিএইচআরএফের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে শারীরিকভাবে নির্যাতন, অপমান, আটক কিংবা গণপিটুনির শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। বিচারবহির্ভূত শাস্তি ও আইন তুলে নেওয়ার প্রবণতা আইনের শাসন এবং ন্যায়বিচারের মৌলিক নীতিকে বাধাগ্রস্ত করে।
গত ১৫ থেকে ২১ নভেম্বর মানবাধিকারবিষয়ক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে আসা তথ্য তুলে ধরে তারা বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজনের হাত ভেঙে গেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান, শারীরিক নির্যাতন, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
একই সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে স্থানীয় জনতার গণপিটুনি দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। শিশুদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করা এবং যৌন নিপীড়নের অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রেও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি ও ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় পাঁচজন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা প্রতিহিংসার ক্ষেত্র হতে দেওয়া যাবে না। অভিযোগের সত্যতা যাচাই করে স্বচ্ছ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।