সাপ্লাই লাইন লিমিটেডের নিবন্ধিত ক্ষুদ্র গ্রোসারি শপ মালিকদের স্বল্পমেয়াদি ঋণ দেবে বাংলাদেশ ফাইন্যান্স। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। তিনি বলেন, এ উদ্যোগের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যারা পুঁজি স্বল্পতার কারণে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারেননি, তারা স্বল্পসুদে, সহজ শর্তে এবং এক দিনের মধ্যে পুঁজির জোগান পাবেন। এ চুক্তির আওতায় বাংলাদেশ ফাইন্যান্স- সিএসএমই ঋণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসবে বলে আশা করেন তিনি।
সাপ্লাই লাইনের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইরফান রফিক চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, এই ঋণের ফলে উদ্যোক্তারা তাদের স্বাবলম্বী করে তুলতে পারবে। এ স্বাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া, হেড অব অপারেশনস মো. রফিকুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
