অর্থ বিভাগের প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:০১ এএম

অর্থ বিভাগের প্রথম সচিব হলেন ফাতিমা ইয়াসমিন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের পদ থেকে গতকাল বৃহস্পতিবার সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থ সচিবের দায়িত্ব পালন করবেন।

অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন।

এদিকে ফাতিমা অর্থ সচিব হওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) তার শূন্য পদে নিয়োগ পাচ্ছেন আরেক নারী। পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খানকে ইআরডি সচিবের দায়িত্ব দিয়ে একই দিন আরেকটি প্রজ্ঞাপন হয়েছে। ফাতিমা যেদিন অর্থ মন্ত্রণালয়ে যাবেন, সেদিনই তার স্থলাভিষিক্ত হবেন শরিফা খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) করা ফাতিমা ১৯৯১ সালে বিসিএস ক্যাডারের কর্মকর্তা হন। কর্মজীবনের বড় একটি সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ছিলেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন তিনি।

ইআরডির নতুন সচিব শরিফা খানও বিসিএসের ১৯৯১ ব্যাচের কর্মকর্তা। তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ববাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

শরিফা খান ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত