পুতিন-চিনপিং ফোনালাপ

সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়াকে সমর্থন করে যাবে চীন

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:১০ এএম

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আবার কথা বললেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চীনের প্রেসিডেন্ট পুতিনকে আশ্বস্ত করেছেন, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তিনি মস্কোকে সমর্থন অব্যাহত রাখবেন। গত বুধবার শি চিনপিংয়ের ৬৯তম জন্মদিন তাকে ফোন করেন পুতিন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মূল স্বার্থ এবং সার্বভৌমত্ব ও নিরাপত্তার মতো প্রধান উদ্বেগের বিষয়ে রাশিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখতে ইচ্ছুক চীন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ক্ষমতাধর দুই দেশ রাশিয়া ও চীনের প্রেসিডেন্টদের মধ্যে এটি দ্বিতীয় টেলিফোন আলোচনা। ইউক্রেনে রুশ হামলার ঘটনায় অনেক দেশ নিন্দা জানালেও চীনের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর বদলে পেইচিংয়ের বিরুদ্ধে রাশিয়াকে কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞাকে অনুচিত বলেও উল্লেখ করেছে পেইচিং। ইউক্রেন যুদ্ধের প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে মস্কোর পাশে থেকেছে চীন। বুধবার আবারও রাশিয়ার পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট। এ সময় শি চি পিং বলেন, মস্কোর ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন।

শি চিনপিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এর মধ্যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রয়েছে।

এক সময় স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল চীন ও রাশিয়া। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে মার্কিন আধিপত্য মোকাবিলায় শত্রুতা দূরে রেখে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে দেশ দুটি। রাজনৈতিক, বাণিজ্য এবং সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ হয়েছে তারা। প্রথমবারের মতো চীন ও রাশিয়াকে যুক্ত করতে সড়ক সেতুর উদ্বোধন করা হয়েছে গত সপ্তাহে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে পুতিনকে ‘পুরনো বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন শি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত