জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন প্রশাসনিক ভবন নির্মাণ না করে অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ও অ্যাকাডেমিক ভবন ঘুরে মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘মিথ্যাচার করে ডিপিপিতে (ডিটেইল প্রজেক্ট প্ল্যানে) মাত্র একটি প্রশাসনিক ভবনের কথা উল্লেখ করে তৃতীয় প্রশাসনিক ভবনের জন্য ১৩৭ কোটি টাকা অপচয়ের পাঁয়তারা ভালো হবে না। কারও কথা না শুনে বিশ্ববিদ্যালয়কে ইট আর কংক্রিটের জঙ্গলে পরিণত করা হচ্ছে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘প্রকল্প নিয়ে আমাদের জুজুর ভয় দেখাবেন না যে, টাকা চলে যাবে। বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক অবকাঠামোর সংকট আছে। এগুলো সমাধান না করে নতুন প্রশাসনিক ভবন নির্মাণ বিলাসিতা।’ সমাবেশে ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্রফ্রন্টের বিশ^বিদ্যালয় শাখার সভাপতি আবু সাঈদ ও চলচ্চিত্র আন্দোলনের সহসাধারণ সম্পাদক সুদীপ্ত দে।
