কবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক : ফখরুল

আপডেট : ১৯ জুন ২০২২, ০২:৪২ এএম

বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সরকার সেদিকে না তাকিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত রয়েছে। বিলম্ব না করে দ্রুত বন্যাদুর্গত অঞ্চলের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক।’ গতকাল শনিবার রাজধানীর ভাটারায় ঢাকা উত্তরের তিন ওয়ার্ডের সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে আজকে বন্যার ধারালো ছোবল। সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে লালমনিরহাট, কুড়িগ্রামসহ সব অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে পদ্মা-মেঘনা-যমুনা সব নদীর পানি এখন বাড়তে থাকবে। দেশের মানুষকে ভাসিয়ে দেবে, তাদের বহুদিনের কষ্ট করা যে ফসল সেই ফলসকে নষ্ট করবে, তাদের বাড়িঘর নষ্ট করবে, তাদের গবাদি পশু নষ্ট করবে, তাদের সব সম্পদ ভাসিয়ে নিয়ে চলে যাবে।’

বন্যা মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে সাবেক এ কৃষি প্রতিমন্ত্রী বলেন, ‘কেন এই বন্যা? কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। কিন্তু সেই বন্যাকে মোকাবিলার জন্য বা সেই বন্যায় যাতে কম ক্ষতি হয় সেটা দেখার দায়িত্ব সরকারের। তারা গত এক যুগেও ভারতের সঙ্গে যেসব অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীগুলোর পানিবণ্টনের যে চুক্তি, সেই চুক্তি করতে সক্ষম হয়নি। আমাদের বহুদিন ধরে তিস্তা নদীর পানি চুক্তির মুলা দেখানো হচ্ছে। কিন্তু তা আজ পর্যন্ত করা হয়নি। আজকে এটার জন্য সম্পূর্ণভাবে এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং তার জনগণের প্রতি যে অবহেলা সেটারই প্রমাণ।’

মির্জা ফখরুল বলেন, ‘কিশোরগঞ্জ জেলায় হাওরের বুকে ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ সড়কের কারণে বর্ষায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ তৈরি হয়েছে।’

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র কী বলুন : বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার একটা নতুন গান শুরু করেছে। সেই গানটা কী। যে বাংলাদেশে এই যে পদ্মা ব্রিজের উদ্বোধন হবে, সেখানে নাকি একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জাতির সামনে বলেন সেই দুর্ঘটনাটি কারা করছে পরিষ্কার করে বলেন। অতীতে আমরা দেখেছি যে, বরাবরই আপনারা এই সব কথা বলেন। নিজেরা দুর্ঘটনা ঘটান, তারপর এটা বিএনপির ওপর চাপিয়ে দেন। এটা হচ্ছে আপনাদের চরিত্র, এটা আপনাদের নীতি।’

সুইস ব্যাংকে কাদের টাকা : মির্জা ফখরুল বলেন, ‘পত্রিকায় এসেছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ গত এক বছরে তিন গুণ বেড়েছে। অর্থাৎ যারা চুরি করছে, যারা লুট করছে তারা পাচার করে সুইস ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছে। এভাবে তারা কানাডাতে বেগমপাড়া তৈরি করেছে, মালয়েশিয়াতে সেকেন্ড হাউজ তৈরি করেছে এবং এই দেশে তারা কোনো বাধাবিপত্তি ছাড়াই, কোনো জবাবদিহিতা ছাড়াই চরমভাবে প্রত্যেকটা খাতে দুর্নীতি করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বেসরকারিকরণের হীন চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বেসরকারিকরণের চক্রান্ত চলছে। ঢাবিতে সিনেটে কিছু প্রস্তাব করা হচ্ছে। ধনীদের বেশি টাকা দিতে হবে। এতে আমরা বিস্মিত হয়েছি।’

রাজধানীর ভাটারা বাজারের কাছে ভাটারা থানা বিএনপির এ ওয়ার্ড সম্মেলন হয়। এ সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা উত্তর মহানগর বিএনপির ১৭, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডের নতুন নেতৃত্ব নির্বাচন হবে। ৩৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এস এম কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক। উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আবদুল আলি নকি, আতিকুল ইসলাম মতিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, এ জি এম শামসুল হক, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোয়াজ্জেম হোসেন মতি, আতাউর রহমান, আখতার হোসেন, মোস্তফা জামাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত