অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না এনবিআর কর্মকর্তারা

আপডেট : ২২ জুন ২০২২, ১২:৩০ এএম

দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের গণমাধ্যমে বক্তব্য প্রদান বা মতামত প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এক অফিস আদেশ জারি করে সংস্থাটি বলেছে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, এনবিআরে কর্মরত কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা, অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধন বা পত্র প্রকাশ করছেন। সরকারের নীতিনির্ধারণী অনেক বিষয়েও বক্তব্য বা মতামত দিচ্ছেন। যা সরকারি কর্মচারী (আচরণ) ১৯৭৯ এর বিধি ২২ পরিপন্থী। এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশে এসব কথা উল্লেখ করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হওয়া এই অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) ১৯৭৯ এর বিধিমালার ২২ মোতাবেক ‘সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের পূর্বানুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ করতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে অথবা অন্যের নামে কোনো নিবন্ধন বা পত্র লিখতে পারবেন না’। অফিস আদেশে আরও বলা হয়- সরকারি কর্মচারী (আচরণ) ১৯৭৯ এর বিধিমালা সব সরকারি কর্মকর্তা বা কর্মচারীর জন্য অবশ্য পালনীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত