পায়রা সমুদ্রবন্দরের গতি বাড়াবে পদ্মা সেতু

আপডেট : ২৬ জুন ২০২২, ০৫:০৫ এএম

স্বপ্ন এবং প্রত্যাশার পদ্মা সেতু আমদানি-রপ্তানি বাণিজ্যের সোনালি দ্বার উন্মোচন করেছে পায়রা সমুদ্রবন্দরের। দ্রুততম সময়ে সড়কপথে পণ্য পরিবহন সুবিধা কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। নৌপথের পাশাপাশি সড়কপথে পণ্য পরিবহনের সুবিধায় পায়রা সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে আসবে নতুন গতিশীলতা। ২০২৩ সালের জুনে পুরোপুরি অপারেশনাল সক্ষমতায় আসবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি দেশের এটা তৃতীয় সমুদ্রবন্দর।

পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, পায়রা সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার পদ্মা সেতু। দেশের অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি শিল্পায়ন এবং কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অমিত সম্ভাবনার পায়রা সমুদ্রবন্দর। 

পায়রা সমুদ্রবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে যোগাযোগ সুবিধা তৈরি হওয়ায় নৌপথের পাশাপাশি সড়কপথে পণ্য পরিবহন করতে পারবেন তারা। কিন্তু পদ্মার দক্ষিণ প্রান্তের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ২০৫ কিলোমিটার দৈর্ঘ্যরে ২৪ ফুট প্রশস্তের সরু সড়ক পণ্য পরিবহনে এই মুহূর্তে তাদের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াবে। এই মহাসড়কের দ্রুত প্রশস্তকরণ করা দরকার। ৪ লেন কিংবা ৬ লেনে এ মহাসড়কটি উন্নীত করা গেলে বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন  দেশি-বিদেশি আমদানি ও রপ্তানিকারকরা।

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি গিয়াস আহমেদ বলেন, পদ্মা সেতুকে ঘিরে পায়রা সমুদ্রবন্দর-নির্ভর শিল্পায়নে সমৃদ্ধ হচ্ছে এক সময়ের অবহেলিত জনপদ পটুয়াখালী। দেশি-বিদেশি বিনিয়োগে শিল্পকারখানার নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। তৈরি হচ্ছে কর্মসংস্থানের।

দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যে সুবিধা বাড়াতে ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর রাবনাবাদ চ্যানেলে গড়ে তোলা হয় দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা। অবকাঠামো উন্নয়ন কাজের মধ্যেই ২০১৬ সালের ১৩ আগস্ট বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস দিয়ে শুরু হয় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এতদিন নৌপথে বন্দর থেকে খালাসকৃত পণ্য আনা-নেওয়া হতো। আর চলমান এ কার্যক্রমে ১৬৯টি জাহাজের অপারেশনাল কার্যক্রম থেকে বন্দর আয় করেছে ৩৫৪ কোটি টাকা।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পায়রা সমুদ্রবন্দরভিত্তিক আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পদ্মা সেতু। বন্দরের মাধ্যমে এ অঞ্চলের কৃষি, মৎস্য, পর্যটনভিত্তিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। উৎপাদন সক্ষম ও নির্মাণাধীন বেশ কয়েকটি তাপ বিদ্যুৎকেন্দ্র, বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পকারখানা এ উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত